অটোরিকশা থেকে মাইক-অ্যামপ্লিফায়ার খুলে নিল স্থানীয়রা
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অটোরিকশায় মাইক বেঁধে আওয়ামী লীগের নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময় অটোরিকশা থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার খুলে নেওয়া হয়।
সোমবার (২৭ এপ্রিল) সকালে মাইজদী শহরের জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় দুটি মাইক স্থাপন করে মাইজদী শহরের জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে যান নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার বাসিন্দা মো. আলো (২০)। সেখানে তিনি মাইক্রোফোনে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় উপস্থিত কিছু লোকজন এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে থাকা লোকজন অটোরিকশা থেকে মাইক ও অ্যামপ্লিফায়ার খুলে নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক অটোরিকশায় করে দ্রুত সেখান থেকে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট থানার একজন কর্মকর্তা বলেন, ঘটনাটি তারা শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




