নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে একটি বাড়ির বাগানের নিচে রহস্যময় সুড়ঙ্গের সন্ধান পেয়েছে স্থানীয়রা। মাটির নিচে তৈরি এই সুড়ঙ্গের ভেতরে ওঠানামার সিঁড়ি, বিছানা-বালিশসহ থাকার ব্যবস্থা থাকায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
সম্প্রতি পরিত্যক্ত একটি জমিদার বাড়ির পাশের বাগানে সুড়ঙ্গটির অস্তিত্ব ধরা পড়ে। বাইরে থেকে যাতে বোঝা না যায়, সে জন্য প্রবেশমুখ বাঁশ ও গাছের ডালপালা দিয়ে আড়াল করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয়দের উদ্যোগে গত বৃহস্পতিবার সুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়। এলাকাবাসীর দাবি, সুজন সাহা নামের এক যুবক তার সহযোগীদের নিয়ে এটি তৈরি করেছিলেন এবং সেখানে নিয়মিত আড্ডা দিতেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে মাদক সেবন করতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
তবে সুজন সাহার স্ত্রী জানিয়েছেন, তার স্বামী সুড়ঙ্গটি তৈরি করলেও সেখানে মাদক সেবন করা হতো কি না, তা তিনি নিশ্চিত নন।
দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জেনেছেন এবং অভিযুক্ত ব্যক্তি নিয়মিত মাদক সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। তাঁর মতে, মাদক সেবনের সুবিধার্থেই এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাদক সেবন বন্ধ করতে সুড়ঙ্গটি ভেঙে ফেলা হয়েছে।




