ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা সুবিধা বাড়ানো হবে

মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা সুবিধা বাড়ানো হবে

নিউজ ডেস্ক: মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা, আবাসন ও সামাজিক নিরাপত্তা সুবিধা আরও সম্প্রসারণের কথা বিবেচনা করছে সরকার।

এ লক্ষ্যে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নতুন আবাসন প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা সহায়তা ও কল্যাণমূলক কর্মসূচিও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য এম এ হান্নানের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বর্তমানে ৯৯ জন মুক্তিযোদ্ধাকে সরকার মাসিক সম্মানী ভাতা দিচ্ছে। এ ছাড়া ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ওই উপজেলায় ১৩ জন মুক্তিযোদ্ধা অথবা তাদের পরিবারের জন্য বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নতুন আবাসন প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আরও বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার আবাসন সুবিধা পাবেন।

চিকিৎসা সহায়তার বিষয়ে মন্ত্রী জানান, ‘মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের সহযোগীদের কল্যাণে হাটবাজারের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ ব্যয়সংক্রান্ত নীতিমালা, ২০২৫’-এর আওতায় দেশের সরকারি হাসপাতাল এবং ২৪টি বিশেষায়িত হাসপাতালে নিয়মিত অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে তিনটি বেসরকারি হাসপাতালও রয়েছে।

নীতিমালা অনুযায়ী, উপজেলা পর্যায়ের হাসপাতালে মুক্তিযোদ্ধারা বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা চিকিৎসা সহায়তা পান। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় সর্বোচ্চ এক লাখ এবং জটিল রোগের চিকিৎসায় পাঁচ লাখ টাকা দেওয়া হয়।

মুক্তিযোদ্ধাদের স্বামী বা স্ত্রীরাও এ সুবিধা পান। তাদের ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতালে যথাক্রমে সর্বোচ্চ ১০ হাজার, ২০ হাজার ও ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগে সর্বোচ্চ ৫০ হাজার এবং জটিল রোগে দুই লাখ টাকা চিকিৎসা সহায়তার বিধান রয়েছে।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ এবং জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular