ক্রীড়া ডেস্ক: চলমান ২০২৬ বিশ্বকাপ ফুটবলের নিজেদের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। প্রতিপক্ষ শিবিরে লিওনেল মেসি থাকলেও তাকে বোতলবন্দী করতে বিশেষ কোনো ছক কষছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পেতকোভিচ বলেন, ‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে থামানোর জন্য আমি কখনোই আলাদা কোনো পরিকল্পনা তৈরি করিনি, আগামীকালের ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। আমরা বরং মেসির চারপাশে থাকা বাকি খেলোয়াড়দের পাসিং ও মুভমেন্ট আটকে দেওয়ার চেষ্টা করব, যারা এই ধরণের বিশ্বমানের তারকাদের মাঠে সেরাটা দিতে সাহায্য করে।’
পেতকোভিচ মনে করেন একক কোনো খেলোয়াড়ের পেছনে শক্তি নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। তিনি বলেন, ‘কোনো একজন খেলোয়াড়কে মাথায় রেখে দল প্রস্তুত করা অর্থহীন। আমাদের নিজস্ব খেলার জন্য একটি ‘প্ল্যান-এ’ এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখানোর জন্য একটি ‘প্ল্যান-বি’ থাকা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমি প্রতিটি খেলোয়াড় এবং প্রতিপক্ষকে ভীষণ সম্মান করি, তবে একই সঙ্গে আমাদের নিজেদের শক্তির ওপরও আমার পূর্ণ আস্থা আছে। আমি সবসময় মাঠে ভিন্ন কিছু উপহার দেওয়ার এবং আমার দল নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করি।’
আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে নিজেদের গ্রুপের শীর্ষ দল হিসেবে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আলজেরিয়া। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে বিদায় নেওয়ার পর, এটিই বৈশ্বিক মঞ্চে ‘মরুভূমির শিয়াল’ খ্যাত দলটির প্রথম অংশগ্রহণ।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ডকে শেষ ষোলোতে নিয়ে যাওয়া পেতকোভিচ মনে করেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই এক ‘অজানা সমীকরণ’। তবে এই ম্যাচ থেকে একটি ইতিবাচক ফল আলজেরিয়াকে নকআউট পর্বে যাওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে রাখবে।




