যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানাসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যজন হলেন তাজনীন ওহাব বৃষ্টি।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য জানিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী কর্মকর্তা উপ-পরিচালক এ কে এম মাহবুবুর রহমান নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন।
আবেদনে বলা হয়, যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করেছেন।
মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে এ অভিযোগের অনুসন্ধান চলছে। এ অবস্থায় তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।




