ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুরে সড়ক উন্নয়নের দুই বড় প্রকল্প, কমবে যানজট

রংপুরে সড়ক উন্নয়নের দুই বড় প্রকল্প, কমবে যানজট

আলামীন, রংপুর : রংপুরের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে দুটি বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে এসব প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যানজট কমার পাশাপাশি আন্তঃজেলা যোগাযোগ সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হলো রংপুর (সাতমাথা)–সাহেবগঞ্জ–হাইটেক পার্ক–শ্যামলার মোড়–বুড়িরহাট–হাজিরহাট (এন-৫) সড়কে রিং রোড নির্মাণ। প্রায় ৫৯৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ২১ দশমিক ৩৬২ কিলোমিটার দীর্ঘ এ সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের ভেতরের যানবাহনের চাপ কমে বাইপাস হিসেবে কাজ করবে।

প্রকল্পের আওতায় বিদ্যমান ৩ দশমিক ৭ থেকে ৫ দশমিক ৫০ মিটার প্রশস্ত সড়ক উন্নীত করে আধুনিক মানে রূপান্তর করা হবে। পাশাপাশি রিজিড (কংক্রিট) পেভমেন্ট নির্মাণ, নতুন সেতু ও কালভার্ট নির্মাণ, সড়কের সার্ফেসিং এবং মাটির কাজ অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া প্রায় ২৭৫ কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণের পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, রিং রোড চালু হলে শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং দূরপাল্লার যানবাহন শহরের ভেতরে প্রবেশ না করেই চলাচল করতে পারবে।

এ ছাড়া রংপুর সড়ক বিভাগের আওতায় চারটি জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। প্রায় ২৭৯ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ৭০ দশমিক ৯৪২ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে।

এই প্রকল্পের আওতায় রয়েছে রংপুর–গঙ্গাচড়া (জেড-৫০২৩), হাজীরহাট–লাঙ্গলেরহাট–বেতগাড়ী–গঙ্গাচড়া (জেড-৫০২০), রংপুর–সাহেবগঞ্জ–মাহিগঞ্জ–পীরগাছা (জেড-৫০১০) এবং টেক্সেরহাট–লালদিঘী–তারাগঞ্জ–কিশোরগঞ্জ (জেড-৫০১৫) সড়ক। এসব সড়কে প্রশস্তকরণ, মজবুতিকরণ, উন্নত পেভমেন্ট নির্মাণ এবং সেতু-কালভার্ট উন্নয়ন করা হবে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, রংপুরের সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রকল্প দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিং রোড চালু হলে শহরের যানজট অনেকাংশে কমবে। পাশাপাশি জেলা মহাসড়ক উন্নয়ন হলে গ্রামীণ ও আন্তঃজেলা যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প দুটি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। অনুমোদন ও অর্থায়ন নিশ্চিত হলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।

স্থানীয়দের মতে, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে। একই সঙ্গে কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে এবং হাইটেক পার্ককেন্দ্রিক নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular