আলামীন রংপুর : রংপুরে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের অবৈধ তামাক ও তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় চলমান দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার নগরের আর কে রোডে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় (নজরুল পাঠাগারের বিপরীতে) এ ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের উদ্যোগে এবং যুগ্ম কমিশনার পায়েল পাশার নেতৃত্বে গঠিত কমিটির উপস্থিতিতে শুল্ক গুদামে সংরক্ষিত ও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা এসব পণ্য ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশ, সিটি করপোরেশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যুগ্ম কমিশনার পায়েল পাশা বলেন, অবৈধ তামাক ও তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব পণ্য শুধু রাজস্ব ফাঁকির কারণ নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। নকল ও পুনর্ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহার বন্ধ এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের ধ্বংস কার্যক্রম কার্যকর ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, আইন অনুযায়ী আটক ও পরে বাজেয়াপ্ত পণ্য ধ্বংসের মাধ্যমে সরকারের রাজস্ব সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি বাজারে অবৈধ পণ্যের প্রবাহ কমানোও সম্ভব হচ্ছে।
কমিশনারেট সূত্র জানায়, বিভিন্ন সময়ে আটক করে পরে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা তামাকজাত পণ্য নিয়মিতভাবে ধ্বংস করা হচ্ছে। এতে চোরাচালান নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ তামাক বাণিজ্য নিয়ন্ত্রণের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব হবে।




