নিউজ ডেস্ক: পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সরকার মানবাধিকার সুরক্ষা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো নাগরিককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে আটক বা কারাগারে না রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
শামা ওবায়েদ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে অন্যায়ভাবে আটক বা কারাগারে রাখা হবে না, সরকার অবশ্যই তা নিশ্চিত করবে।’
প্রতিমন্ত্রী বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া ও মৌলিক অধিকারের প্রতি সরকারের অঙ্গীকার সব রাজনৈতিক দলের সমর্থকের ক্ষেত্রেই প্রযোজ্য। এর মধ্যে বিরোধী দল এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থকরাও রয়েছেন। তিনি বলেন, ‘বিরোধী দল, আওয়ামী লীগ বা অন্য কোনো দল, কোনো রাজনৈতিক পরিচয়ই বিষয় নয়; বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হবে না, তা নিশ্চিত করবে।’
রোহিঙ্গা সংকট অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক সমস্যা এবং এটি রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে বলে জানিয়েছেন শামা ওবায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ১০ বছরে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে। বাংলাদেশ সরকার এ সমস্যা সমাধানে মিয়ানমারের বর্তমান সরকার, রাখাইন রাজ্য ও আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ এবং সংলাপ চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর তৎকালীন সরকার এর সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি। আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথভাবে যুক্ত করতে পারলে হয়তো চার-পাঁচ বছরের মধ্যে সংকট সমাধানের দিকে যাওয়া যেত।




