নিউজ ডেস্ক: বিগত সময়ে রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এসব মামলা প্রত্যাহারের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।
কেরামত আলীর প্রশ্ন ছিল, বিগত সরকারের সময়ে করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ ভোগান্তিতে রয়েছেন। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ এবং এ বিষয়ে সরকারের কোনো রোডম্যাপ রয়েছে কি-না।
জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে গত ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
তিনি জানান, জেলা কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি-না, সেটি জনস্বার্থে পরিচালনা করা প্রয়োজন কি-না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি-না, এসব বিষয় বিবেচনায় নিয়ে মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।
আইনমন্ত্রী আরও জানান, জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা ও সমন্বয়ের জন্য গত ৮ মার্চ তাকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির সুপারিশ পর্যালোচনায় কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।



