নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগতিতে মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার চর আবদুল্লাহসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রামগতির একটি দল মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালিয়ে ৬৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৩২ হাজার ৫০০ কেজি সিমেন্ট ছিল। শুল্ক ফাঁকি দিয়ে এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযানে দুটি বোট জব্দের পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর হাতিয়ার মো. শাহদাত হোসেন (৪০) ও মো. ফোরকান (৪৭), পটুয়াখালীর গলাচিপার মো. হারুন অর রশিদ ওরফে বাবুল (৪২), ভোলার লালমোহনের মো. আরিফ (২৫) এবং নোয়াখালীর চরজব্বারের জামসেদ (৩২)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




