নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামে শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দিরের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য মাঙ্গলিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে সনাতন ধর্মাবলম্বী সহস্রাধিক ভক্ত অংশ নেন।
শনিবার (তারিখ উল্লেখিত) ভবানী সাহার বাড়ি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আশ্রম প্রাঙ্গণসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ভক্তরা ঢাক-ঢোল, কীর্তন ও ধর্মীয় স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি করেন।
আয়োজকদের জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী (২৬–৩০ এপ্রিল) ৪০ প্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে রোববার ব্রহ্মমুহূর্ত থেকে শুরু হয়ে শুক্রবার অরুণোদয়ে মহানাম সংকীর্তন সমাপন, নগর সংকীর্তন, ব্রজধূলা গ্রহণ এবং মহন্ত বিদায়ের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।
শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের উৎসব পরিচালনা কমিটির সদস্য মিসু সাহা নিক্কন বলেন, “স্বর্গীয় ভবানী চরণ সাহা প্রতিষ্ঠিত এ মন্দিরের শতবর্ষ পূর্তি উপলক্ষে এবারের আয়োজনকে আরও বর্ণাঢ্য করা হয়েছে। পাঁচ দিনব্যাপী মহানামযজ্ঞ চলছে।”
আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণানন্দ বাবাজী বলেন, “এই মন্দির শত বছর আগে প্রতিষ্ঠিত হয়। এখানে প্রতি বছরই মহানামযজ্ঞের আয়োজন করা হয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তা বহন করে।”
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন সমাজে ধর্মীয় সহনশীলতা, ঐক্য ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেয়।
স্থানীয়দের মতে, রামগতি দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান এটি। শতবর্ষ পূর্তি উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও কীর্তনের মাধ্যমে এ শতবর্ষী উৎসব সম্পন্ন হবে।




