ঢাকা  বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিরায়পুরায় কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ শুরু ২০ মে

রায়পুরায় কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ শুরু ২০ মে

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনবে খাদ্য বিভাগ। 

আগামী ২০ মে থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ৩০ আগস্ট পর্যন্ত।

আজ সোমবার সকালে রায়পুরা উপজেলা কেন্দ্রীয় খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মানিক সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিখা আক্তার, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক তাসলিমা আক্তার, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাবেক মেয়র কুদ্দুস মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও যুবদল নেতা আলফাজ উদ্দিন মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকদের মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ধান বিক্রি করতে হবে। সরকার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করেছে ৩৬ টাকা, যা প্রতি মণে ১ হাজার ৪৪০ টাকা। নিবন্ধিত কৃষকেরা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে গুদামে এসে সরাসরি ধান বিক্রি করতে পারবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিখা আক্তার বলেন, “প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। কৃষকেরা যাতে সহজে নিবন্ধন করতে পারেন, সে জন্য উপজেলা খাদ্য কার্যালয়, ডিজিটাল সেন্টার ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আশরাফ উদ্দিন বকুল বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম চালু রেখেছে। এতে কৃষকেরা লাভবান হবেন এবং খাদ্যগুদামে মানসম্মত ধান সরবরাহ নিশ্চিত হবে।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular