ঢাকা  বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরায়পুরে গরুর বাজারে প্রভাবশালীদের নিয়ন্ত্রণের অভিযোগ

রায়পুরে গরুর বাজারে প্রভাবশালীদের নিয়ন্ত্রণের অভিযোগ

লক্ষ্মীপুর (রায়পুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের বাহার আলী মোল্লার হাট গরুর বাজারে আদালতের নির্দেশনা উপেক্ষা করে হাসিল আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এতে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

উপজেলার অন্যতম বৃহৎ এই গরুর বাজারটি চলতি অর্থবছরে ইজারা দেওয়া হলেও ইজারা সংক্রান্ত বিরোধের কারণে বর্তমানে বাজারটি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে বাজারের হাসিল আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা। তবে বাস্তবে সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার, তাঁর ছেলে শিমুল হাওলাদার এবং খবির খলিফাসহ কয়েকজন ব্যক্তি বাজারের হাসিল আদায়ের নিয়ন্ত্রণে রয়েছেন। অভিযোগ রয়েছে, আদায়কৃত অর্থের একটি অংশ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হচ্ছে।

গত শনিবার (২৫ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, শিমুল হাওলাদার ও তাঁর সহযোগীরা বাজারের বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে নিজেদের মতো করে হাসিল আদায় করছেন। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা ও বিক্রেতারা।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ইউপি তহসিলদার আব্দুল সাত্তারকে বাজারের একটি দোকানে অবস্থান করতে দেখা যায়। তিনি বলেন, “আমাদের লোকজনই টাকা তুলছে, এখানে অন্য কেউ নেই।”

অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার বলেন, “আমার ছেলে ও কয়েকজন সরকারকে সহযোগিতা করার জন্য চৌকিতে বসেছে। বাজারের ওই জায়গাটি আমার ব্যক্তিগত সম্পত্তি।”

এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আলম বলেন, বাজারটি নিয়ে বিরোধ থাকায় তহসিলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি স্থানীয়দের সহায়তা নিতে পারেন। তবে হাসিল আদায়ে কোনো অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular