ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকরাশিয়ার তেল শোধনাগারে হামলা না চালাতে জেলেনস্কিকে আহ্বান ট্রাম্পের

রাশিয়ার তেল শোধনাগারে হামলা না চালাতে জেলেনস্কিকে আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তেল শোধনাগার এবং ডিজেল তৈরি ও সরবরাহে ব্যবহৃত অন্যান্য অবকাঠামোগুলোতে হামলা বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পরিমাণে বেড়ে গ্যালনপ্রতি গড়ে ৬ ডলার অতিক্রম করার পর তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘এ ধরনের আক্রমণের কারণে বিশ্বজুড়ে ডিজেলের তীব্র সংকট তৈরি হচ্ছে।’

ইউক্রেন বিগত কয়েক মাস ধরে দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার তেল ও গ্যাসক্ষেত্র লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ফলে রাশিয়াজুড়ে জ্বালানি রেশনিং করতে হচ্ছে এবং মস্কো গত জুলাইয়ে ডিজেল রপ্তানি নিষিদ্ধ করায় বিশ্ববাজারে সরবরাহ আরও সংকুচিত হয়ে পড়েছে।

তবে আন্তর্জাতিক এই সংকট কেবল ইউক্রেন হামলার কারণেই নয়, ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার ফলেও তীব্র রূপ নিয়েছে।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার মুহূর্তে এই জ্বালানির ঊর্ধ্বমুখী দাম সাধারণ আমেরিকানদের ওপর চরম চাপ সৃষ্টি করছে।

পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলোচনার পর জেলেনস্কির সঙ্গে কোনো কথা হয়েছে কি না- সাংবাদিকরা ট্রাম্পকে এমন প্রশ্ন করলে তিনি উত্তর দেওয়ার সময় জেলেনস্কিকে রাশিয়ার ওপর হামলা বন্ধের আহ্বান জানান।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘মি. জেলেনস্কিকে একটি কাজ করতে হবে। রাশিয়ায় ডিজেল জ্বালানি ধ্বংস করা থেকে তাকে বিরত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মি. জেলেনস্কির সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। আক্রমণ করার মতো আরও অনেক লক্ষ্যবস্তু রয়েছে। ডিজেল জ্বালানিতে আঘাত করবেন না, কারণ এটি বিশ্বজুড়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।’

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো থেকে ডিজেল ও গ্যাসোয়েলের নিট রপ্তানি আগস্ট মাসে এসে সেই পরিমাণের এক-চতুর্থাংশেরও নিচে নেমে এসেছে, যা গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে ছিল।

কিয়েভ অবশ্য বলছে, রাশিয়ার এই তেল চার বছরেরও বেশি সময় ধরে চলে আসা ইউক্রেন আগ্রাসনে মস্কোর মূল অর্থায়ন এবং জ্বালানির জোগান দিয়ে আসছে।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular