ঢাকা  বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রেললাইন সম্প্রসারণ বাস্তবায়িত হলে সীমান্তবর্তী অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণ হবে

রেললাইন সম্প্রসারণ বাস্তবায়িত হলে সীমান্তবর্তী অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণ হবে

নিউজ ডেস্ক: নেত্রকোণার দুর্গাপুর অঞ্চলের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশে জারিয়া ঝাঞ্জাইল হতে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই রেললাইন বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। 

১৩ মে বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল রেল স্টেশন হতে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন এবং সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, এটি ১০৮ বছর পুরনো একটি স্টেশন। কিন্তু ১০৮ বছর আগে যে উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়নেই যেন সবকিছু থেমে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রেল প্রতিমন্ত্রীর নেতৃত্বে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় এই দীর্ঘস্থায়ী স্থবিরতার অবসান ঘটবে। গত নির্বাচনে এ অঞ্চলের মানুষের কাছে বিদ্যমান রেললাইনের উন্নয়ন ও সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমি আশা করছি, এই এলাকার মানুষ এর সুফল পাবেন, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহকে আধুনিক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে রেলপথ সম্প্রসারণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। নেত্রকোণার এই সম্ভাবনাময় অঞ্চলেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এই অঞ্চলের গর্বিত সন্তান ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। লাইনটি সম্প্রসারণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি এবং ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি, বণিক সমিতির সভাপতি, উপজেলা জামায়াতের আমীর, উপজেলা বিএনপি সভাপতিসহ স্হানীয় নেতৃবৃন্দ।এসময় অতিরিক্ত পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রেলওয়ে কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular