ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক রায় রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে মাইলফলক

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক রায় রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে মাইলফলক

বিশেষ প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের দেওয়া রায়ের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ন্যায়বিচার ও জবাবদিহিতার পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণেও এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রায়টি দ্রুত কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনই এ সমস্যার একমাত্র সমাধান। সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ বিভিন্ন অংশীজনের সঙ্গে জোরালোভাবে কাজ করছে। এ রায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে জাতিসংঘসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে বাংলাদেশ।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। সে সময় তাঁরা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা জানান।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাধ্যমে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে—এ অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে মামলার রায় ঘোষণা করেন আদালতের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া। রায়ে আদালত বলেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে।একই সঙ্গে গণহত্যার শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা নিউজ/এস

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular