নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিচারক, আইনজীবী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিচারপ্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এ ধরনের উদ্যোগ ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় লিগ্যাল এইড কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে এ সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল্লাহ আল মামুন, ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক শামছুল আরেফীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল, পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, লিগ্যাল এইড অফিসার দিলরুবা ইয়াছমিন, আইনজীবী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম হাওলাদার, সম্পাদক মোহাম্মদ রফিক উল্যাহ এবং জজকোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারি আইনি সহায়তা একটি গুরুত্বপূর্ণ সেবা। এ সেবা সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে হবে।
অনুষ্ঠানে আদালতের অন্যান্য বিচারক, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।




