ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরের কমলনগরে বিজ্ঞান মেলা জ্বালানি সংকট সমাধানে শিক্ষার্থীদের উদ্ভাবনে নজর

লক্ষ্মীপুরের কমলনগরে বিজ্ঞান মেলা জ্বালানি সংকট সমাধানে শিক্ষার্থীদের উদ্ভাবনে নজর

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে হাজির হয়। এসব প্রকল্পের মধ্যে জ্বালানি সংকট নিরসনে প্রযুক্তিনির্ভর ব্যতিক্রমী উদ্ভাবন বিশেষভাবে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীদের তৈরি এসব প্রকল্পে বিকল্প জ্বালানির ব্যবহার, সৌরশক্তির কার্যকর প্রয়োগ এবং স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন ধারণা তুলে ধরা হয়।
মেলায় ঘুরে দেখা যায়, অনেক শিক্ষার্থী সৌরশক্তি, বায়োগ্যাস এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ওপর ভিত্তি করে কার্যকর মডেল তৈরি করেছে। এসব উদ্ভাবন বাস্তব জীবনে প্রয়োগ করা সম্ভব হলে দেশের জ্বালানি সংকট অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দর্শনার্থীদের ভিড়ে মুখর ছিল পুরো মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যকারিতা তুলে ধরতে ব্যস্ত সময় পার করে। নতুন কিছু দেখার আগ্রহে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মেলায় অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, ‘আমরা এমন একটি প্রকল্প তৈরি করেছি, যা কম খরচে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এটি গ্রামীণ এলাকায় খুবই উপকারী হতে পারে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের উদ্ভাবন ভবিষ্যতে দেশের উন্নয়নে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকেরা।

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular