নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরে নির্মাণাধীন চার লেন সড়কের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
শনিবার সকালে সদর উপজেলার বটতলী এলাকায় চার লেন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার চন্দ্রগঞ্জ থেকে বাস টার্মিনাল পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি চার লেনে উন্নীত করা হচ্ছে। প্রায় ৬০ ফুট প্রশস্ত এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘তাহের ব্রাদার্স’ ও ‘এম এইচ রহমান’ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
পরিদর্শনকালে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এই সড়কটি অত্যন্ত ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ। প্রকল্পটি সম্পন্ন হলে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে, ফলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণের দাবি ছিল এই চার লেন সড়ক। নানা জটিলতায় কাজ শুরুতে বিলম্ব হলেও এখন তা এগিয়ে চলছে। ভবিষ্যতে প্রয়োজন হলে সড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




