নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : ভূমি সেবা সহজিকরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে ভূমি সেবা–বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া তরুণদের ভূমি-সংক্রান্ত আইন ও সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
সোমবার (২০ এপ্রিল) সদর উপজেলা ভূমি অফিস ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি-লক্ষ্মীপুরের যৌথ আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট) ও এসিজি (অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ) সদস্যসহ অর্ধশতাধিক তরুণ অংশ নেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাকের সাবেক সভাপতি অধ্যাপক জেড এম ফারুকী, সহ-সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, সদস্য আবুল মোবারক ভূঁইয়া, আহম্মদ হোসেন, খোদেজা খাতুন, হাবিবুর রহমান সবুজ ও রাজীব হোসেন রাজু। এ ছাড়া টিআইবি লক্ষ্মীপুরের সমন্বয়ক আবদুর রব খান এবং এসিজি সদস্য মো. আশরাফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ভূমি আইন, নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর, ভূমি–সম্পর্কিত অপরাধ ও শাস্তি, খতিয়ান, খাস জমি এবং ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমিসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নাগরিকদের সচেতনতা বাড়ানো জরুরি।




