নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ইউপি সদস্য ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের খবরে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা গেছে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, গত কিছুদিন ধরে নয়ন বেগমের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা-সমালোচনা চলছিল। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগ তুলে স্থানীয়ভাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু মন্তব্য নিয়েও সমালোচনা তৈরি হয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি দেখা দেয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পর্যায়ের একাধিক নেতা বলেন, এসব ঘটনার কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ অবস্থায় তাঁর পদত্যাগের সিদ্ধান্তকে তাঁরা ইতিবাচক হিসেবে দেখছেন।
সম্প্রতি ‘মিসেস নয়ন মেম্বার’ নামে একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক ঘোষণায় তিনি দলীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। তবে এ বিষয়ে তাঁর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নয়ন বেগমের পদত্যাগের পর চররমনী মোহন ইউনিয়নসহ জেলাজুড়ে এখন ওই পদে নতুন দায়িত্ব কে পাচ্ছেন, তা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর পরবর্তী ভূমিকা কী হবে, সেটিও নজরে রয়েছে স্থানীয়দের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ পদত্যাগের ফলে জেলা মহিলা দলে চলমান অস্থিরতা কিছুটা কমতে পারে। তবে দলীয়ভাবে পদত্যাগ গ্রহণের পর পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়, সেটিই এখন দেখার বিষয়।




