নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (১ মে) সকালে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে র্যালিটি শুরু হয়। এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, সহ-সভাপতি আবুল খায়ের মিয়া, সেক্রেটারি মমিনুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল বাশার, সদর উপজেলা সভাপতি আমির হোসেন, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন পাটওয়ারী, শহর সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুর আলম মিরন, সহ-সভাপতি ডাক্তার হারুন দেওয়ান, চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি কাওছার হামিদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা শ্রমিকদের ঘামের ওপর দাঁড়িয়ে আছে। অথচ সেই শ্রমিকরাই আজও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তারা অভিযোগ করেন, শ্রমিক দিবস এলেই কেবল তাদের অধিকার নিয়ে আলোচনা হয়, বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না।
তারা আরও বলেন, শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত না হলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বক্তারা।



