নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে সি-খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নেওয়া এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, “একটা বিপ্লব প্রেসিডেন্ট জিয়া শুরু করেছিলেন। দীর্ঘদিন এই বিপ্লব সমাপ্ত হয়নি। যদি প্রেসিডেন্ট জিয়ার চিন্তাভাবনা ও দূরদর্শিতার আলোকে এই বিপ্লব সমাপ্ত হতো, তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকতো। বিপ্লবটি বাধাগ্রস্ত হয়েছে। খাল খনন করতে গিয়ে দেখা যায় খালের মাঝখানে দোকান, বাড়িঘর গড়ে উঠেছে। যদি স্বনির্ভর বাংলাদেশের কাজ অব্যাহত থাকতো, তাহলে খালের মধ্যে দোকান বা বাড়িঘর থাকতো না, শিল্প কলকারখানার বর্জ্য মানুষের বাসাবাড়ির ড্রেনের পানিতে পড়তো না। এখন চর্চা শুরু হয়েছে, এবং তারেক রহমানের নেতৃত্বে এদেশের অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। যত বেরিকেট বা অবকাঠামো থাকুক, খালের গতিতেই কাজ এগোবে।”
মন্ত্রী আরও বলেন, “অতীতে জবাবদিহিতা না থাকার কারণে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। খালের জায়গায় খাল পড়ে রয়েছে, টেন্ডারের জায়গায় টেন্ডার হয়েছে কিন্তু কাজ হয়নি। এক এক খাল ২–৩ বার টেন্ডার হয়েছে। জনগণ যা বুঝে নেওয়ার দরকার তা বুঝতে পারেনি, তাই আমরা বঞ্চিত হয়েছি।”
তিনি জানান, “তারেক রহমানের নেতৃত্বে আমরা যে প্রকল্প হাতে নিয়েছি, তার আওতায় ১৮০ দিনের কর্মসূচি এবং পাঁচ বছরে সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এই মাসে প্রধানমন্ত্রী ফেনীসহ কয়েকটি জেলায় খাল খনন কর্মসূচিতে যাবেন। এর মধ্যে ৫০টি জেলায় খাল খনন কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে। এটি আরেকটি বিপ্লব, এবং এই বিপ্লব তখনই শেষ হবে না যতদিন না আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।”
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পানি সম্পদ অধিদপ্তরের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, লক্ষ্মীপুর জেলা প্রশাসক এইচ এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার আবু মোহাম্মদ তারেক, জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, বাপুফের সহসভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা এড. হাফিজুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
শুক্রবার বিকেলে রায়পুর উপজেলার কাপিলাতলী বাজার এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এবং পুলিশ সুপার মো. আবু তারেক।
সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আবু সালেহ মো. তোফায়েল চৌধুরী, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সি-খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা হারানোর কারণে স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। পুনঃখনন কাজ শেষ হলে এসব সমস্যা অনেকাংশে দূর হবে।




