টানা ১৩ বার আমিরের দায়িত্ব পালন করা রুহুল আমিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি; ২০২৭-২০২৮ সেশনে দুই বছরের জন্য দায়িত্ব পেলেন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। ২০২৭-২০২৮ সেশনে দুই বছরের জন্য তাঁকে জেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাতে কেন্দ্র থেকে তাঁর নাম ঘোষণা করা হয়।
এ আর হাফিজ উল্লাহ জেলার সাবেক আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন। রুহুল আমিন ভূঁইয়া ২০০১-২০০২ সেশন থেকে ২০২৫-২০২৬ সেশন পর্যন্ত টানা ২৬ বছর লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ১৩ বার জেলা আমির নির্বাচিত হন। তাঁর দীর্ঘ দায়িত্বকাল শেষে এবার নতুন আমির পেল জেলা জামায়াত।
দলীয় সূত্রে জানা যায়, ২০২৭-২০২৮ সেশনের জেলা আমির নির্বাচনের জন্য গত ২৪ অক্টোবর লক্ষ্মীপুর শহরের টাউন হলে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা সম্মেলনে জেলা শাখার প্রায় ১ হাজার ৭০০ রোকন ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁদের গোপন ভোটের মাধ্যমে আমির নির্বাচিত করা হয়।
জেলা জামায়াতে ইসলামীর বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শিগগিরই নতুন আমির হিসেবে শপথ নিয়ে তিনি জেলা শাখার দায়িত্ব গ্রহণ করবেন। পরে জেলা জামায়াতের শূরা বৈঠকের মাধ্যমে সেক্রেটারি নির্বাচনসহ পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।
এ আর হাফিজ উল্লাহ দীর্ঘদিন জেলা জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জেলা সেক্রেটারির দায়িত্বে ছিলেন। এ ছাড়া লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত প্রার্থী ছিলেন তিনি।
এ আর হাফিজ উল্লাহ রামগতি উপজেলার পৌর শহরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। স্থানীয়ভাবে তিনি পরিচিত ও জনপ্রিয় বলে দলীয় সূত্রে জানা গেছে।



