প্রথম ধাপে ৮০০ একরে অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা, এক মাসের মধ্যে কাজ শুরুর সম্ভাবনা
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে প্রায় ২ হাজার ৫০০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৮০০ একর জমিতে অবকাঠামো উন্নয়নকাজ শুরুর পরিকল্পনা রয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষ হলে আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হলে লক্ষ্মীপুরসহ আশপাশের জেলাগুলোতে শিল্পায়ন, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মেঘনা নদীর মিঠাপানি, সড়ক ও নৌপথে যোগাযোগের সুবিধা এবং চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে সংযোগের সম্ভাবনা এ অঞ্চলকে শিল্প স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে।
শনিবার (১৪ নভেম্বর) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের স্থান সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়ন করেন শিল্পাঞ্চল ব্যবস্থাপনা ও উন্নয়নবিষয়ক বিশেষজ্ঞ কেনসাকু কাওয়াই, উপদেষ্টা এম. জাকির হোসেন, সিএমসি এবং টিম লিডার মো. রেজওয়ান মাহমুদ। এ সময় পানি সম্পদমন্ত্রীর প্রতিনিধি হিসেবে একান্ত সহকারী সচিব জামশেদ রানা ও ব্যক্তিগত কর্মকর্তা তানজিল আহমেদ খান রাসেল উপস্থিত ছিলেন। এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা সঞ্জয় ঘোষও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রস্তাবিত এলাকার ভৌগোলিক অবস্থান, জমির পরিমাণ, যোগাযোগব্যবস্থা, পানিসম্পদ এবং শিল্পকারখানা স্থাপনের সম্ভাব্যতা নিয়ে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের অন্যতম বড় সুবিধা হচ্ছে যোগাযোগব্যবস্থা। লক্ষ্মীপুরের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগের পাশাপাশি রেলপথে সংযোগের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া নৌপথে চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে পণ্য পরিবহনের সুযোগ শিল্পকারখানার কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্য বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিল্প স্থাপনের ক্ষেত্রে মেঘনা নদীর মিঠাপানির সহজলভ্যতাকেও বড় সুবিধা হিসেবে বিবেচনা করা হচ্ছে। শিল্পকারখানা পরিচালনায় বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয়। মেঘনার মিঠাপানি সেই চাহিদা পূরণে সহায়ক হতে পারে। অন্যদিকে মিরসরাই অঞ্চলে লবণাক্ত পানির কারণে কিছু শিল্প স্থাপনে পানির উপযোগিতা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। সে তুলনায় চররমনী মোহনের পানিসম্পদ ও ভৌগোলিক অবস্থান বাড়তি সম্ভাবনা তৈরি করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্যতা যাচাই শেষ হলে প্রথম পর্যায়ে ৮০০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অবকাঠামো উন্নয়নকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে পুরো ২ হাজার ৫০০ একর জমিতে এ অঞ্চল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হতে পারে।
অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে স্থানীয়ভাবে বিপুল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও আবাসন খাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। স্থানীয় কৃষি ও মৎস্যপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানির নতুন সুযোগও তৈরি হবে।
স্থানীয়দের প্রত্যাশা, চররমনী মোহনের প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা গেলে বদলে যেতে পারে লক্ষ্মীপুরের অর্থনৈতিক চিত্র। শিল্পায়নের মাধ্যমে জেলাটি দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।



