২৪ কিলোমিটারজুড়ে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী-চালক
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর থেকে রায়পুর আঞ্চলিক মহাসড়কের প্রায় ২৪ কিলোমিটারজুড়ে বেহাল অবস্থা বিরাজ করছে। খানাখন্দে ভরা এ সড়কে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো যাত্রী ও পরিবহন চালকদের। দীর্ঘদিন ধরে সংস্কারকাজ ঝুলে থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও পিচ উঠে গিয়ে নিচের মাটি বেরিয়ে এসেছে, আবার কোথাও সড়কের পাশ ভেঙে সরু হয়ে গেছে পুরো পথ। এতে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে।
বিশেষ করে রায়পুর বাজার থেকে বর্ডার বাজার এবং লক্ষ্মীপুর শহর থেকে মাইলের মাথা পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে বেশি নাজুক বলে জানান স্থানীয়রা।
এ সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের অভিযোগ, প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের।
এক যাত্রী বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে গাড়ি নষ্ট হয়, সময়ও নষ্ট হয়—ভোগান্তির শেষ নেই।”
এক পরিবহনচালক বলেন, “এই সড়কে চলাচল মানেই ঝুঁকি। কখন দুর্ঘটনা ঘটে বলা যায় না।”
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে সড়কের এই বেহাল অবস্থা থাকলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বর্ষা মৌসুমে পানি জমে গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। এতে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।
লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, সড়কের ১১ কিলোমিটার অংশ সংস্কারের জন্য ইতোমধ্যে পাঁচবার দরপত্র আহ্বান করা হলেও সক্ষম ঠিকাদার না পাওয়ায় কাজ শুরু করা যায়নি। তবে দ্রুত সমস্যার সমাধানে আবারও উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বাকি ১৩ কিলোমিটার সড়কের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে সংস্কারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়কটির দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।




