নিউজ ডেস্ক: ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
বর্তমানে তাকে আর কেমোথেরাপি নিতে হচ্ছে না; চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধের মাধ্যমে চিকিৎসা চলছে। এর মধ্যেই জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের কাছে এক বছরের সময়বদ্ধ ও পরিমাপযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণের বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।
নিসচার মহাসচিব লিটন এরশাদ জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থার আগের তুলনায় উন্নতি হয়েছে এবং চিকিৎসকেরাও অগ্রগতিতে আশাবাদী।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ২০২৫ সালের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। ওই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। টিউমারের বড় অংশ অপসারণ করা গেলেও ঝুঁকির কারণে পুরোটা সরানো সম্ভব হয়নি। পরে পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়। দীর্ঘ চিকিৎসার মধ্যে চলতি বছরের আগস্টে কিছুদিনের জন্য দেশে ফিরে আবার লন্ডনে যান তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লন্ডন থেকে দেওয়া বার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, দিবস পালন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। ২২ অক্টোবর থেকে পরবর্তী ২২ অক্টোবর পর্যন্ত সড়ক নিরাপত্তায় পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
তার প্রস্তাব অনুযায়ী, পরিকল্পনায় কোন মন্ত্রণালয় বা সংস্থা কী কাজ করবে, কখন করবে এবং অগ্রগতি কীভাবে যাচাই হবে—তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। পরবর্তী জাতীয় নিরাপদ সড়ক দিবসে লক্ষ্য, অর্জন ও ঘাটতির হিসাব জনসমক্ষে প্রকাশেরও দাবি জানান তিনি।
১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের আন্দোলনে যুক্ত হন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৪ সাল থেকে ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের মাধ্যমে আন্দোলনটি এগিয়ে নেয় নিসচা। দীর্ঘদিনের দাবির ধারাবাহিকতায় সরকার ২০১৭ সালে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে।-
ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনাকে নিয়তি হিসেবে মেনে না নিয়ে ঝুঁকি চিহ্নিত, আইনের যথাযথ প্রয়োগ, নিরাপদ অবকাঠামো এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আবারও নিরাপদ সড়কের আন্দোলনে সক্রিয় হওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
আরো পড়ুন:
মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী



