নিউজ ডেস্ক : ঈদের টানা সাত দিনের ছুটি শেষে ব্যাংকের প্রথম কার্যদিবসে ছিল ছুটির আমেজ। সকালে কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে কিছুটা ঢিলেঢালা ভাবেই কাজ শুরু করেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় পূর্ণোদ্যমে ব্যাংক কার্যক্রম শুরু হলেও গ্রাহকের উপস্থিতি ছিল কম। দীর্ঘ ছুটির পর অনেকেই নগদ টাকা জমা ও উত্তোলন করেছেন।
আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন সেবাও গ্রহণ করেছেন গ্রাহকরা। প্রথম কর্মদিবসে গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম ছিল। দুই দিন কার্যক্রম চলার পর স্বাধীনতা দিবসসহ আবারও তিন দিনের ছুটিতে পড়বে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
ব্যাংকাররা জানান, ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা ছিল এবং গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পেরেছেন। এখন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন করা যাবে। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।




