পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় প্রকল্প, বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে হাজারো মানুষের
সৈয়দ নূরুল্লাহেল সাদেক, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ জন্য নেওয়া প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে এলাকায় হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা সহায়তা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার ওপর গুরুত্ব দিয়ে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। যেকোনো মূল্যে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে কোনো সুপারিশ বা আপস চলবে না।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত দেড় বছরের নানা ক্ষতি ও চক্রান্ত সামলে সরকার জনগণকে স্বস্তি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে সকালে বকশীগঞ্জে পৌঁছে উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুনগাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন মন্ত্রী। পরে উপজেলা অডিটোরিয়ামে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর জন্য সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র হস্তান্তর করেন মন্ত্রী।
পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান, দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ঢেউটিন ও অর্থ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি বিতরণ করা হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।




