ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকলাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত

লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত

নিউজ ডেস্ক: পাকিস্তানের সঙ্গে তীব্র কূটনৈতিক টানাপোড়েন এবং সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে চলমান অচলাবস্থার মধ্যেই লাদাখে সিন্ধু নদের ওপর একটি বাঁধ নির্মাণ করেছে ভারত। লাদাখের বৃহত্তম শহর লেহর উপসাই এলাকায় বাঁধটি নির্মাণ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন অনুযায়ী, প্রাকৃতিক পাথরের বোল্ডার বা বড় বড় চাঁই দিয়ে বাঁধটি নির্মাণ করা হয়েছে। এতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। বাঁধ নির্মাণের পর ওই এলাকায় সিন্ধু নদের পানির স্তর প্রায় ১০ ফুট বেড়েছে।

বাঁধটির সবচেয়ে বড় সুফল পাচ্ছেন স্থানীয় কৃষকেরা। পানির স্তর বাড়ায় এমন অনেক জমিতে এখন সেচ দেওয়া সম্ভব হচ্ছে, যেগুলোতে পানির সংকটের কারণে আগে চাষাবাদ করা যেত না।

লাদাখের কৃষকেরা দীর্ঘদিন ধরেই সেচের পানির সংকটে ভুগছিলেন। অঞ্চলটির ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে একের পর এক গিরিখাত দিয়ে সিন্ধু নদের পানি প্রবাহিত হওয়ায় অনেক এলাকায় নদীর পানির স্তর স্বাভাবিকের তুলনায় নিচে থাকে। শুষ্ক মৌসুমে পানির স্তর এতটাই নেমে যায় যে অনেক সময় পাম্প দিয়েও নদী থেকে পানি তোলা সম্ভব হয় না।

এর সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তির কারণে নদটির পানি ব্যবহারে ভারতের ওপর কিছু সীমাবদ্ধতাও ছিল। ফলে দীর্ঘদিনের পানিসংকটে লাদাখের বিপুল পরিমাণ কৃষিজমি অনাবাদি পড়ে থাকত।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাঁধের মাধ্যমে প্রায় ৪ কোটি লিটার পানি ধরে রাখা সম্ভব হয়েছে। পরে ইগু ফে খালসহ স্থানীয় বিভিন্ন খালের মাধ্যমে সেই পানি অপেক্ষাকৃত শুষ্ক ও অনাবাদি জমিতে পৌঁছে দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular