নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত যাত্রী। আহতদের মধ্যে ৮ থেকে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফোরসিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল এবং অন্যটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। সংঘর্ষের সময় দুটি বাসই বেপরোয়া গতিতে চলছিল বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রেহেনা বেগম (৬০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাথরিয়া ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, তিনি পটিয়া থেকে পরিবারের সঙ্গে কক্সবাজার যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকানিউজ/ নাজ/ ২৪




