রাজধানীর কদমতলী শনির আখড়া এলাকার একটি মাদ্রাসা থেকে নাঈম ইসলাম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শনির আখড়া জোড়া খাম্বা এলাকার রওজাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসার তৃতীয়তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কদমতলী থানার এসআই আমজাদ হোসেন জানান, বিকেলে শিক্ষকদের মাধ্যমে খবর পেয়ে ওই মাদ্রাসায় যান তারা। সেখানে শিশুটির মৃতদেহ নিচে শোয়ানো অবস্থায় রাখা ছিল।
ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শিক্ষকদের বরাতে তিনি জানান, জোহরের নামাজের আগে বাথরুমে ঢুকে শিক্ষার্থী নাঈম। অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে শিক্ষকরা দরজা ভেঙে দেখেন, কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে পাঞ্জাবি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। এরপর তারা ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতালে নাঈমের মা নাজমা আক্তার জানান, তাদের বাড়ি বরিশালের উজিরপুরের মোশন গ্রামে। বর্তমানে কদমতলীর মুরাদপুর এলাকায় ভাড়া থাকেন। গতকাল ছেলের সাথে দেখা করতে গেলে একজন মাদ্রাসা শিক্ষক তার কাছে ৫০০০০ টাকা ধার চান। তিনি বলেছিলেন এখন দিতে পারবো না। কয়েকদিন পরে দিবো। তার বদলে আজকে তার লাশ পেলাম।




