ঢাকা  শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

 

সিরাজগঞ্জ প্রতিবেদক: সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে শিয়ালকোল এলাকায় অবস্থিত শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এ টি এম নুরুজ্জামান বলেন, সরকার মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে। কলেজ ও হাসপাতাল মন্ত্রণালয়ের আলাদা বিভাগ।

“মঙ্গলবার কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হাসপাতালের নামও পরিবর্তন করার জন্য আজ (বুধবার) দুপুরে স্বাস্থ্য মন্ত্রনালয়ে সুপারিশসহ চিঠি পাঠানো হয়েছে।”

জাতীয় চার নেতার অন্যতম সাবেক প্রধানমন্ত্রী শহীদ মনসুর আলীর নামানুসারে গঠিত এই মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয় ২০১৪ সালে।

সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকায় ৩০ দশমিক ৯০ একর জমির ওপর প্রায় ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৫০০ শয্যার এই হাসপাতাল গড়ে তোলা হয়।

২০১৫ সালের ১০ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেডিকেল কলেজ ও হাসপাতালসহ দেশের ১১টি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম উদ্বোধন করেন।

২০১৬ শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজটিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়।

২০২১ সালের ২ অগাস্ট ভার্চুয়াল মাধ্যমে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক নবনির্মিত ৫০০ শয্যার হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগেই বহির্বিভাগে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

এদিকে নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারির পর বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে এ সংক্রান্ত পোস্ট করে নাম পরির্তনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শহীদ এম. মনসুর আলীর নাতি ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ সংক্রান্ত একটি ফটোকার্ড নিজের ফেইসবুকে পোস্ট করেছেন।

সেখানে তিনি লিখেছেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর নামাঙ্কিত শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জের নাম পরিবর্তনের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।”

তার এ পোস্ট অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular