ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধশালিসে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

শালিসে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নিউজ ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হবে না- সে বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৮ আগস্ট ২০২৬ তারিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সালিশে নারীকে প্রহারের বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। চেয়ারম্যান কর্তৃক সংঘটিত এ ধরনের অপরাধমূলক কার্যক্রম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পরিপন্থি এবং তা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত।

একই দিনে আরেকটি পৃথক স্মারকে চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী কেন তাকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তার লিখিত জবাব জেলা প্রশাসকের মাধ্যমে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, আমার কাছে এরকম একটি চিঠি এসেছে। আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত এক সালিশ বৈঠকে প্রকাশ্যে ওই নারীকে জুতাপেটা করে চেয়ারম্যান ফরিদ উদ্দিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সালিশে উপস্থিত শত শত মানুষের সামনে ২৪ থেকে ২৫ বছর বয়সি ওই নারীকে মাটিতে বসিয়ে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন। একপর্যায়ে তিনি ওই নারীর মাথা নিচের দিকে চেপে ধরে পেটে জুতা দিয়ে আঘাত করে থাকেন। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এলাকায় ও দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা এই ধরনের বর্বরোচিত আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে।

এমন পরিস্থিতিতে, স্থানীয় প্রশাসন ও সরকারের উচিত হবে এই ঘটনার সঠিক তদন্ত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। জনগণের নিরাপত্তা ও সম্মান রক্ষায় এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular