ঢাকা  বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশশীতে স্থবির জনজীবন, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

শীতে স্থবির জনজীবন, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

নিউজ ডেস্ক: টানা চারদিনের পশ্চিমা বাতাসে স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। হাঁড়কাপানো শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে। ঘন কুয়াশার সঙ্গে বৃদ্ধি পেয়েছে শীতের প্রকোপ। মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। কষ্ট হলেও জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ।

স্থানীয়রা জানান,বৃহস্পতিবার বিকেল থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম সমকালকে জানান, আজ রোববার ভোর ৬টায় জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায়ও তাপমাত্রা অপরিবর্তিত থাকে। শনিবারের তুলনায় তাপমাত্রা আজ কম, কুয়াশাও বেশি। হালকা বৃষ্টির মতো পড়ছে কুয়াশা।

সদর উপজেলার হিচমি বাজারের কছিমুদ্দিন বলেন, ‘শীত যেমন-তেমন আজ ঘন কুয়াশার মধ্যে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। বৃষ্টি হলে যেমন শরীর ভিজে যায় তেমনই হচ্ছে। এ অবস্থায় তেমন কেউ বাড়ির বাহির না হলেও আমার মতো লোকজনদের জীবিকার তাগিদে বের হতেই হবে। রাস্তায় কোনো লোকজন নেই। তারপরও বের হয়েছি।’

জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে বাসচালক ছাইফুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার বিকেল থেকে এখন পর্যন্ত ঘনকুয়াশা। সড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে বাস চালাতে হচ্ছে। যাত্রী নেই বললেই চলে।’

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিনে হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। এছাড়া সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শীত বাড়ায় শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular