নিউজ ডেস্ক: আর একদিন পরেই শুরু হচ্ছে হজযাত্রা। এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সবশেষ প্রস্তুতি।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে হজের প্রথম ফ্লাইট।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে, যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তিনটি সৌদি আরবের সাউদিয়া ও তিনটি ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহণ করবে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম।
২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়ার ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।




