সুমন দত্ত: যন্ত্রপাতি না চেনায় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ একটি কৃষি যন্ত্রকে বন্দরে আটকে রেখে দিয়েছেন। যন্ত্রটির ওপর অতিরিক্ত শুল্ক ধার্য করায় প্রকল্পের কাজ সময়মত শুরু করতে পারছে না শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশে প্রথম সোলার পাওয়ার চালিত ডিপ টিউবেল স্থাপনকারী।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু তাহের। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের দুই প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন ও মাহাবুবুর রহমান।
আবু তাহের বলেন, আমরা যে যন্ত্র আমদানি করেছি তার সম্পর্কে বিএডিসি ও এনবিআরকে অবহিত করেছি। একে কৃষি কাজে ব্যবহার করা যন্ত্র হিসেবে দেখানো হয়েছে। যার নাম সেন্টার পিভট ইরিগেশন সংক্ষেপে যাকে সিপিআই সিস্টেম বলা হয়ে থাকে।
তিনি বলেন, আমরা ভেবেছিলাম এই সিপিআই সিস্টেম বিদেশ থেকে আনলে কাস্টমস কর্তৃপক্ষ একে কৃষি যন্ত্র হিসেবেই দেখবে এবং সেই মত শুল্ক আরোপ করবে। সেই হিসেবে এই সিপিআই মেশিনের শুল্ক হয় ১২ লক্ষ টাকার মতো।
অত্যন্ত দু:খের বিষয় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ পুরো সিস্টেমটিকে অর্থাৎ পুরো যন্ত্রটির কল কব্জাকে আলাদা আলাদা ধরে শুল্ক আরোপ করেছে। এতে সিপিআই মেশিনের শুল্ক ১২ লক্ষ টাকা থেকে বেড়ে যায় ৪২ লাখে। যা আমাদের কাছে ন্যায় সংগত মনে হয়নি।
আমাদের মেশিনটিকে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ বলছেন একটি মই, তেল ও গ্যাস পরিবহণ করা পাইপ। তারা একে কৃষি যন্ত্রপাতি বলতে নারাজ। তাদের মতে কেন তারা একে প্লান্ট বলেনি এজন্য তারা পুরো সিস্টেমটিকে আলাদা বিবেচনা করেছে।
সিপিআই সিস্টেমের একটি সচিত্র প্রতিবেদন উপস্থিত সাংবাদিকদের তিনি দেখান। ভিডিওতে দেখা যায়। একটি কৃষি ক্ষেতের উপর বিশাল লম্বা পাইপ ঝুলানো হয়েছে। সেই পাইপ থেকে অসংখ্য ছিদ্র দিয়ে নল বের হয়ে ক্ষেতের ওপর পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। এতে পানির অপচয় কম হয়। ফসলের উৎপাদন বেশি হয়।
প্রচলিত সেচ কাজে যে পরিমান পানি মাটি থেকে পাম্প করে জমিতে দেওয়া হয় তার ৫০ ভাগ নষ্ট হয়ে যায়। এই পদ্ধতিতে ক্ষেতে পানি দিলে তেমনটা হয় না। বাংলাদেশে এই পদ্ধতিতে সেচ কাজে চাষিদের উদ্বুদ্ধ করতে চান শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং। এজন্য যন্ত্রটি সম্পর্কে প্রকৃত সত্য বর্ণনা গণমাধ্যমে প্রকাশ করার দাবি জানান তারা।
সিপিআই যন্ত্রটির প্রকৃত শুল্ক আরোপ করে কাস্টমস কর্তৃপক্ষকে ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেন সংবাদ সম্মেলনে।




