ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সংসদের চতুর্থ অধিবেশন সোমবার, উঠবে তিন অধ্যাদেশ

সংসদের চতুর্থ অধিবেশন সোমবার, উঠবে তিন অধ্যাদেশ

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার; যা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

এতে জানানো হয়, চলতি অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে।

এছাড়া তৃতীয় অধিবেশনের পর থেকে চতুর্থ অধিবেশনের আগ পর্যন্ত জারি করা তিনটি অধ্যাদেশ অধিবেশনের প্রথম দিনেই উপস্থাপন করা হবে। অধ্যাদেশগুলো হলো– পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ ৯২টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের (বিধি-১৩১) ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম ও সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের চলমান অগ্রগতি সম্পর্কে জানতে চান। সাউন্ড সিস্টেমের বিষয়ে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া জানান, সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

সৌরবিদ্যুতের অগ্রগতি প্রসঙ্গে সংশ্লিষ্ট উপ-কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালীন প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা মিটিয়ে অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এসময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের (স্টোরেজ) সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

এছাড়া ই-পার্লামেন্ট ও জাতীয় সংসদে শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি কমিটিকে অবহিত করেন ডেপুটি স্পিকার।

কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীর চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বৈঠকে অংশ নেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular