ক্রীড়া ডেস্ক: এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের কণ্ঠে হতাশা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ২-১ গোলে হেরে লা লিগায় টানা জয়ের ধারাও থেমেছে কাতালানদের। জার্মান কোচের মতে, ম্যাচে খেলোয়াড়দের মধ্যে সতেজতার অভাব ছিল। তবে হারের জন্য কোনো অজুহাত দাঁড় করাতে রাজি নন তিনি।
গতকাল (২৫ অক্টোবর) রাতে লা লিগার ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে হারিয়েছে রিয়াল। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন রাফিনহা। এই হারে লিগে মৌসুমের প্রথম নয় ম্যাচে টানা জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল বার্সেলোনা। এর আগে সপ্তাহের মাঝামাঝি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হেরেছিল ফ্লিকের দল।
রিয়ালের কাছে হারের পর ফ্লিক বলেন, ‘দুটি হার, আর আমরা এতে খুশি নই। আমরা হতাশ। প্রথমার্ধ ভালো ছিল না। ১-১ গোলে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় উন্নতি হয়েছিল। আমার মনে হয়, এটা স্পষ্ট যে আমরা খুব ভালো মানের একটি প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি, যারা বল ছাড়া দারুণ পারফর্ম করেছে। আমাদের সতেজতার অভাব ছিল।’
সাম্প্রতিক সময়ে ঠাসা সূচির কারণে খেলোয়াড়দের ওপর চাপ বেড়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন ফ্লিক। তার মতে, শুধু ম্যাচ খেলাই নয়, এক শহর থেকে অন্য শহরে যাতায়াত এবং হোটেলে অবস্থানও খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করে, ‘বেতিসের বিপক্ষে ম্যাচের পর গত কয়েক সপ্তাহ সহজ ছিল না।
আপনারা শুধু ম্যাচগুলো দেখেন। কিন্তু সেভিয়ায় যেতে তিন ঘণ্টা বিমানে থাকা, এরপর হোটেলে ফেরা, তারপর প্যারিসে যাওয়া—সব মিলিয়ে অনেক ধকল যায়।’
তবে হারের পর এসব বিষয়কে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বার্সা কোচ। তিনি বলেন, ‘কিন্তু হারলে আমি এসব নিয়ে কথা বলতে চাই না। জিতলে এসব নিয়ে কথা বলা ভালো। আর আমি কোনো অজুহাত মেনে নেব না।’
টানা দুই হারে দলের আত্মবিশ্বাসে চিড় ধরবে কি না, এমন প্রশ্নের জবাবে ফ্লিক জানিয়েছেন, খেলোয়াড়দের মধ্যে আপাতত কোনো সংশয় তৈরি হয়নি। বরং কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে, তা তার জানা আছে। বার্সা কোচ বলেন, ‘আমি উদ্বিগ্ন নই। কারণ, খেলাধুলায় এমনটা ঘটতেই পারে। এটা খেলারই অংশ।’



