নিউজ ডেস্ক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাবে সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে গেলে তা জাতির জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না এবং ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক, ইসলামিক ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সামাজিক অবক্ষয় ঘটে। এ অবক্ষয় রোধে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। আগামীদিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই। এ জন্য ধর্মীয় শিক্ষার ওপর আরও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী রয়েছেন। তারা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানগুলো থেকে হিফজ সম্পন্ন করা ১ হাজার ৭৫৭ জন ছাত্র-ছাত্রীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।



