ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়তরুণরাই দেশের ভবিষ্যৎ, বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

তরুণরাই দেশের ভবিষ্যৎ, বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ এবং প্রধান চালিকাশক্তি। নতুন প্রজন্মের মৌলিক চাহিদা পূরণ ও ব্যক্তিগত-সামষ্টিক অগ্রগতির সুযোগ নিশ্চিত করাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।

শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং দেশের এক-তৃতীয়াংশ মানুষই তরুণ প্রজন্মের অংশ। বিপুল এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা গেলে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি সমৃদ্ধ আগামীর লক্ষ্যও বাস্তবায়ন সম্ভব হবে। তিনি মনে করেন, এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ সময়োপযোগী ও যথার্থ হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার যুব ও তরুণ প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ, স্বাবলম্বী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুবসমাজের সৃজনশীলতা, নেতৃত্ব, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষতা বাড়াতে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাণীতে তিনি মাদক, বাল্যবিবাহ ও সহিংসতাসহ সামাজিক অবক্ষয় রোধে ব্যাপক সচেতনতা সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার কথাও বলেন। এসব উদ্যোগ নতুন প্রজন্মের বিকাশ, জীবনমান উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে রাষ্ট্রপতির প্রত্যাশা।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, নাগরিকের সুস্বাস্থ্য ও পরিকল্পিত পরিবার একটি সুস্থ, কর্মক্ষম জাতি গঠনের পূর্বশর্ত। টেকসই আর্থসামাজিক উন্নয়নের জন্য স্বাস্থ্যখাতের উন্নয়ন অপরিহার্য। তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা, মা-শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সর্বজনীন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, বিদ্যমান স্বাস্থ্যসেবা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার এবং মানসম্মত পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।-

রাষ্ট্রপতি ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতাও কামনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular