ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না: রিজভী

সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না: রিজভী

বিশেষ প্রতিবেদক: রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়, তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাহিত্য পত্রিকা ‘সারেঙ’-এর ‘রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতার কথা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ওই সময়ে মামলা ও কারাবরণের আশঙ্কায় অনেক নিকটাত্মীয় ও বন্ধুবান্ধব তাদের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ভয় পেতেন।’

তবে এমন নয় যে, তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল। কিন্তু আমাদের উপস্থিতির কারণে অন্য অতিথিরা সমস্যায় পড়তে পারেন, এমন আশঙ্কা থেকেই অনেকে দূরে থাকতেন। তবে সেই দুঃসময়েও কবি রেজাউদ্দিন স্টালিন সাহসের সঙ্গে আমাদের পাশে ছিলেন।

সমসাময়িক বৈশ্বিক সংকটগুলো সাহিত্যে তুলে আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবী আজ গভীর সংকটের মুখে। প্রতিটি দেশ এই সংকট থেকে উত্তরণের চেষ্টা করছে। সমকালীন সংকট ও মানুষের জীবনকে কবিতায় তুলে ধরার মধ্য দিয়ে কবিরা তাদের সময়কে ধারণ করেন। এসব জনগুরুত্বপূর্ণ বিষয় যদি কবিতায় উঠে না আসে, তবে তা পূর্ণাঙ্গ হতে পারে না।’

এ প্রসঙ্গে তিনি কবি স্টালিনের ‘একদিন বৃক্ষের জন্য সবাইকে কাঁদতে হবে’ পঙ্ক্তিটি উদ্ধৃত করে বলেন, এটি সাম্প্রতিক বৈশ্বিক পরিবেশ সংকটের এক অসাধারণ ও সত্য প্রতিচ্ছবি।

দেশের সাংস্কৃতিক অঙ্গনের ইতিবাচক পরিবর্তন প্রসঙ্গে একজন অর্থনীতিবিদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড কিছুটা বেড়েছে। এ ক্ষেত্রে শিল্পকলা একাডেমির ভূমিকা রয়েছে। একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কোনো প্রতিষ্ঠানে থাকলে সেটি যে কতটা কর্মময় ও প্রাণবন্ত হয়ে উঠতে পারে, নিজ দক্ষতা ও যোগ্যতা দিয়ে রেজাউদ্দিন স্টালিন তার প্রমাণ রেখে গেছেন।’

কবি স্টালিনকে একজন আধুনিক ও ব্যতিক্রমী স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের একজন হলেও, তিনি নিজে কখনো দলটির সদস্য হননি। একইভাবে রেজাউদ্দিন স্টালিনও একটি রাজনৈতিক বিশ্বাস ধারণ করলেও, তিনি কোনো দলীয় কাঠামোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, যা একজন বড় কবির নিদর্শন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, মুক্তচিন্তা বাংলাদেশের আহ্বায়ক আবুল কাসেম হায়দার এবং কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী।

‘সারেঙ’-এর সম্পাদক আবদুর রহমান মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি কামরুজ্জামান, কবি সৈকত হাবিব, কবি আসাদ কাজল এবং ছড়াকার ও এটিএন বাংলার প্রধান নির্বাহী (বার্তা) হাসান শরীফ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular