ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাসাফ ছাড়া সব আলোচনাই হয়েছে বাফুফের সভায়

সাফ ছাড়া সব আলোচনাই হয়েছে বাফুফের সভায়

নিউজ ডেস্ক: সাফের ইতিহাসে এবারই সবচেয়ে ভালো সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। জোড়াতালি দিয়ে গড়া ভারতের মতো দল চ্যাম্পিয়ন হয়ে গেছে। ফিফার নিষেধাজ্ঞা থাকার কারণে নেপালের শক্তিশালী দলও ছিল না এবারের সাফে। সাফের ব্যর্থতায় কোচ থমাস ঢুলির চাকরি থাকা না থাকা নিয়ে বাফুফে সিদ্ধান্ত জানাবে বলেছিল।

গত শনিবার ন্যাশনাল টিমস কমিটির সভা হয়েছিল। রাত ৮টায় কমিটি জানায় তারা কোচের ব্যাপারে আবার বসে প্রয়োজনে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই বিষয়টি নিষ্পত্তি না করে গতকাল বাফুফের নির্বাহী কমিটি সভা করল। বিকাল ৩টায় শুরু করে সন্ধ্যা ৭টায় শেষ করল। বিবিধসহ ১২টা এজেন্ডা, সবাই আলোচনা হয়েছে। হয়নি শুধু সাফের আলোচনা। বাফুফে দাবি করবে নির্বাহী কমিটির সভায় এই আলোচনা করার কথা ছিল না। এজেন্ডা ছিল না। এজেন্ডা কেন রাখা হয়নি, সেই প্রশ্নের জবাবও নেই।

দেশের মানুষ জানতে চায় সাফের কথা। সাফে ব্যর্থতার কারণ কী। কোচ যদি ভুল করে থাকেন তাহলে তাকে রাখা হবে কি হবে না, সেটি জানাতে একটা ফুটবল ফেডারেশনের সময় লাগতে পারে খুব বেশি হলে এক ঘণ্টা, যদি দক্ষ সংগঠক থেকে থাকে, যদি দূরদর্শী সংগঠক থেকে থাকেন, যদি সত্যিকার অর্থে ফুটবলকে ভালোবেসে থাকেন। মানুষের কাছে জবাবদিহিতা থেকে থাকে। কোচের দোষ না থাকলে তাকে রেখে দিতে পারে বাফুফে। দোষ থাকলে বিদায় করবেন কি করবেন না-সেটি সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণ কেন, তা বুঝা গেল না।

সাফ ব্যর্থতার ইস্যুতে বাফুফের যারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা সবাই নির্বাহী কমিটিতেই আছেন। তারপরও নির্বাহী কমিটির সভায় আলোচনা করা হয় না। কবে হবে জানতে চাইলে মুখস্থ জবাব, ‘সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।’ গতকাল বাফুফের একজন স্টাফ বলছিলেন সাফে পাকিস্তানের বিপক্ষে ১-০তে হেরে ফাইনালে না উঠতে পারায় তিনি কেঁদে ফেলেছেন। তার চোখে পানি পড়েছে…।’ এ কথাটা কি শুধুই বাফুফের একজন স্টাফের? দেশের কোটি কোটি ফুটবল সমর্থক আহত হয়েছেন। হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে-এমন ফুটবল সর্মথকের অভাব নেই।

ফুটবল কর্তাদের হৃদয়ে কী রক্তক্ষরণ হয়েছে? যদি হতো তাহলে সেমিফাইনালের পরই এটি নিয়ে নিজেদের মধ্যে তোলপাড় হয়ে যেত। ফুটবল কর্তারা এক মিনিট সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে খুঁজে বের করতেন কোথায় কোথায় ভুল হয়েছে। কোথায় অবহেলা ছিল। কী করলে এসব সংকট থেকে দ্রুত বেরিয়ে আসা যায় তার একটা দরজা খুলতেন ফুটবলের নীতিনির্ধারকরা। দেশের সাবেক ফুটবলার, ক্লাব ফুটবল কোচসহ যারা রয়েছেন তাদের চোখে সাফের ব্যর্থতা নিয়ে মতামত জানতে চাইতে পারতেন। কোনো কিছুই না করে গ্রাসরুট লেভেলে এএফসি থেকে দুটি পুরস্কার পাওয়ার কথাটা বলতে তিনবার সংবাদ সম্মেলনে এসেছে।

প্রথমবার বাফুফের সহসভাপতি শাহরিয়ার নাসের জাহেদী তার অফিসে বসে পুরস্কারের মাধুর্যতার গল্প বলেছেন। দ্বিতীয়বার, গত শনিবার ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে আবার সেই একই কথা বলতে আমিরুল ইসলাম বাবু পুরস্কার নিয়ে হাজির হলে সংবাদমাধ্যম সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। পুরস্কারের কথা শুনতে চায়নি সংবাদমাধ্যম। সাফের আলোচনা হয়েছে মিটিংয়ে। সেটা নিয়ে কথা বলুন। অন্য একজন কানাকানি করলেন সাফের ব্যর্থতা ঢাকতে পুরস্কার আনা হয়েছে। আমিরুল ইসলাম বাবু সঙ্গে সঙ্গে পুরস্কার দুটি ফেরত নিয়ে যান।

তৃতীয়বার, গতকাল বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে আবার সেই পুরস্কারের গল্প। গুরুত্ব সহকারে পুরস্কার প্রাপ্তির গল্প তুলে ধরতে বাফুফে সদস্য গোলাম গাউসকে অনুরোধ করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে ছিল জাপান, মালয়েশিয়া, ইন্ডিয়া… ইন্ডিয়া ব্রোঞ্জ নিছে। বাংলাদেশি হিসেবে অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। ফিফা প্রেসিডেন্ট কংগ্রাচুলেশন বলেছেন। আমি প্রচণ্ড ইমোশন হয়ে যাই। আসলে এটা বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। তা আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা আর নিরলস কাজ করছেন আমার ডেভেলপমেন্ট কমিটি, গ্রাসরুট নিয়ে। প্লাস এই কাজের ও বাফুফের কাজের ফলটাই আমরা মনে হয় এইবারই প্রথম দুইটা অ্যাওয়ার্ড নিয়ে আসলাম। থ্যাংক ইউ।’

নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘আসলে দুটো অ্যাওয়ার্ড এক বছরেই পেয়েছে আমাদের নিয়ে তিনটা দেশ জাপান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ। তো সেদিক থেকে আমাদের আল্লাহর রহমতে অবস্থানটা খুবই ইউনিক।’

অথচ পুরস্কার প্রাপ্তির সংবাদ এবং ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যম। দেশের মানুষ যেটা জানতে চায় সেটাই আড়ালে পড়ে থাকে। সভা শেষে আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন-বাফুফের এজিএম হবে আগামী ৪ ফেব্রুয়ারি। অডিট পাশ হলেও বকেয়া পড়ে আছে। কক্সবাজারে ফুটবল একাডেমির বিষয়ে বুয়েটকে সম্ভাব্যতা যাচাই করতে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিনকে চিকিৎসার খচর ফিফা দেবে। বাকিটা বাফুফে দেবে বলে জানানো হয়। নারী লিগের তারিখ নির্ধারণ হয়নি।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular