আট বছর আগে যে মানুষটির দিন কাটত পেটের পীড়া, ডাক্তারের চেম্বার আর ওষুধের মুঠোয়, ধীরপায়ে একটু-একটু করে দৌড়াতে শুরু করা সেই সংকল্পই আজ তাঁকে পৌঁছে দিয়েছে চরম সহনশীলতার মঞ্চে; মালয়েশিয়ার লাংকাউইয়ে ‘আয়রনম্যান ৭০.৩’ শেষ করে দেশের পতাকা উঁচিয়ে ধরলেন বাংলাদেশের ট্রাইঅ্যাথলেট রফিকুল ইসলাম।
গত ২১ নভেম্বর মালয়েশিয়ার লাংকাউইয়ে অনুষ্ঠিত ‘আয়রনম্যান ৭০.৩’ (IRONMAN 70.3 Langkawi 2026)-এর সপ্তম আসরে অংশ নিয়ে এই কঠিন চ্যালেঞ্জ জয় করেন রফিকুল। প্রতিযোগিতায় ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড়—এই তিনটি ধাপ সম্পন্ন করার নির্ধারিত সময়সীমা ছিল ৮ ঘণ্টা ৩০ মিনিট। রফিকুল তা শেষ করেন ৭ ঘণ্টা ১৪ মিনিট ২২ সেকেন্ডে। এবারের আসরে অংশ নেওয়া ৯ জন বাংলাদেশির মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম সময়।
লাংকাউইয়ের ফিনিশ লাইনে দাঁড়িয়ে রফিকুল বলেন, বিদেশের মাটিতে দেশের পতাকা উঁচু করে ধরার আনন্দ সত্যিই অন্যরকম। একসময় যিনি নিজের শরীরের সাথে লড়ছিলেন, সেই মানুষটির মুখে এই কথাটার ওজন একটু বেশিই।



