নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ৬টার দিকে গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা ছিল। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।’
এদিকে, বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা দিতে গিয়ে এ মামলায় আত্মসমর্পণ করার কথা জানান । হাজিরা শেষে লতিফ সিদ্দিকী বলেন, তিনি আত্মসমপর্ণের সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে তাকে গ্রেফতার না করা হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেফতার হয়েছিলেন। পরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাকে আসামি করে পুলিশ। কয়েক মাস পর জামিনে মুক্তি পান তিনি। তবে মামলাটি এখনো চলছে এবং তাকে হাজিরা দিতে হচ্ছে আদালতে।



