কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তিনি নিহত কিশোরদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারগুলোর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। পাশাপাশি যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
কবর জিয়ারত শেষে সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, তিন বন্ধুর এমন অকালমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের পরিবারের এই শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। সন্তান হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে তাঁরা পরিবারের পাশে আছেন। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সহযোগিতা অব্যাহত রাখা হবে।
নিহত তিন কিশোর হলেন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন, হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার কামালের ছেলে আব্দুল করিম এবং একই উপজেলার রফিক উল্যাহর ছেলে শামীম।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর বিকেলে উপজেলার চরজব্বরের কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক, সদস্যসচিব মামুন হাসান রোহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।



