নিউজ ডেস্ক: রাজধানীতে আন্তর্জাতিক সভা চলাকালীন গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মোসাম্মৎ সুলতানা বেগম এবং সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াসকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে ‘ডিফেন্ডিং ট্রেড ইউনিয়ন রাইটস অ্যান্ড দ্য স্ট্রাগল ফর আ ফেয়ার মিনিমাম ওয়েজ ইন বাংলাদেশ’ (Defending Trade Union Rights and the Struggle for a Fair Minimum Wage in Bangladesh) শীর্ষক একটি আন্তর্জাতিক সভা চলছিল। সভা চলাকালীন সময়ে ডিবি পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে যায়।
বিবৃতিতে আরও বলা হয়, শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরির পক্ষে কথা বলার পরপরই সংগঠনের শীর্ষ দুই নেতাকে এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য। এটি শ্রমিকদের সংগঠিত হওয়ার স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের জন্য গুরুতর হুমকিস্বরূপ। তুলে নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের কোন থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন দপ্তরে রাখা হয়েছে এবং কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে পরিবার, সহকর্মী বা সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের জীবন, নিরাপত্তা এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির পক্ষ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা জরুরি দাবি জানানো হয়েছে:
১. অবিলম্বে সুলতানা বেগম ও মোঃ ইলিয়াসের বর্তমান অবস্থান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে।
২. তাঁদের আটক বা গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ, অভিযোগ এবং আইনি ভিত্তি পরিবার ও আইনজীবীকে জানাতে হবে।
৩. অবিলম্বে পরিবারের সদস্য ও আইনজীবীর সঙ্গে তাঁদের যোগাযোগ এবং সাক্ষাতের সুযোগ নিশ্চিত করতে হবে।
৪. তাঁদের জীবন, নিরাপত্তা, মর্যাদা ও শারীরিক-মানসিক সুস্থতা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন বা আইনবহির্ভূত আচরণ করা যাবে না।
৫. সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলে অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, সংগঠিত হওয়ার অধিকার এবং সম্মানজনক কর্মপরিবেশের দাবিতে কথা বলা কোনো অপরাধ হতে পারে না।
এ ঘটনায় জরুরি নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা, আন্তর্জাতিক শ্রমিক ও মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ড এবং গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে ওই দুই নেতার অবস্থান প্রকাশ এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।