অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের অভিযোগ; জব্দ করে ধ্বংস করা হয়েছে কেমিক্যাল ও বেকারিপণ্য
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে খাদ্যপণ্যে সঠিক লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের দায়ে মধুবন বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলার উত্তর তেমুহনীতে অবস্থিত মধুবন বেকারিতে অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদবিহীন কেমিক্যাল ও বেকারির খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জেলা প্রশাসন মিডিয়া সেলের তথ্যমতে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে লক্ষ্মীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্ত্তী, নিরাপদ খাদ্য পরিদর্শক, বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্যপণ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



