নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি। এতে করে লন্ডন সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মঙ্গলবার লন্ডনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কিয়ার স্টারমারের, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি (কিয়ার স্টারমার) কানাডায় আছেন।’
এরপরও তারা চেষ্টা করছেন জানিয়ে প্রেস সচিব বলেন, সময় ও শিডিউল ম্যাচ (সূচি মিললে) করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।
এর আগে, চার দিনের রাষ্ট্রীয় সফরে ১০ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে বিকেলে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেন।
ঢাকা নিউজ/এস



