নিউজ ডেস্ক : সোমবার (১০ নভেম্বর) হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতনসীমা অতিক্রম করলে তাদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন করা বাধ্যতামূলক হবে।
আয়কর আইন-২০২৩ অনুসারে পুরুষ কর্মকর্তাদের মাসিক মূল বেতন যদি ২৬,৭৮৫ টাকা বা তার বেশি এবং নারী কর্মকর্তাদের মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি হয়, তাহলে তাদের বেতন বিল প্রস্তুতির সময় উৎসে কর কর্তন করতে হবে।
চিঠিতে উল্লেখ রয়েছে, বেতন থেকে আয়করসহ প্রয়োজনীয় অন্যান্য কাটা-ছাঁটের দায়িত্ব উত্তোলনকারীর ওপর পড়ে; এটি ট্রেজারি রুলস (এসআর ১২৫) অনুযায়ী কার্যনির্বাহী কর্তব্য।
নির্দেশনাটি দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশসহ পাঠানো হয়েছে।
অর্থ বিভাগের মাধ্যমে বিষয়টি সচিবের দৃষ্টি আকর্ষণ করে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবকে অবহিত করা হয়েছে। নির্দেশনার সূত্র হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৭ অক্টোবর জারি করা নোটিশের উল্লেখ করা হয়েছে।
সরকারি দফতরগুলো এখন দ্রুত সফটওয়্যার ও পে-রোল ব্যবস্থায় সংশোধন বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে, যাতে বেতন প্রদান প্রক্রিয়া শুদ্ধভাবে চালানো যায় এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা বজায় থাকে।
ঢাকানিউজ২৪/মহফ



